প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত: ৭ ধাপে ভোট, শুরু ১২ নভেম্বর
সংবাদ দিগন্ত ||
নির্বাচনের মাঠে বড় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রাথমিকভাবে সাত ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। আর শেষ ধাপের ভোট হতে পারে আগামী বছরের ২৭ মে।সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ। আর এই বিশাল ভোটযজ্ঞ আয়োজনের জন্য সাত ধাপের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।সোমবার কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ।তিনি জানান, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। সেখানেই প্রাথমিকভাবে সাত ধাপে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হতে পারে আগামী ১২ নভেম্বর। এ ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন।আরও পড়ুন, নির্বাচনের মাঠ প্রস্তুতিতে ইসি, বৃহস্পতিবার ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকএরপর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট হতে পারে ২৭ মে।অর্থাৎ নভেম্বর থেকে শুরু হয়ে কয়েক মাস ধরে চলবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এগুলো এখনো সম্ভাব্য সময়সূচি। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করলেই চূড়ান্ত হবে ভোটের তারিখ।এর আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠকের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।সব মিলিয়ে জাতীয় সংসদের উপনির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের সবচেয়ে বড় এই নির্বাচনের প্রস্তুতিও এখন দৃশ্যমান পর্যায়ে।প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর শুরু হয়ে ২৭ মে শেষ হবে সাত ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এখন আনুষ্ঠানিক তফসিল ঘোষণার অপেক্ষা। এরপরই জানা যাবে কোন ধাপে কোন এলাকার ইউনিয়ন পরিষদে ভোট হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত