প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের বিভিন্ন কারাগারে বন্দি ১০ হাজার ৬৬ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বিদেশে আটক বাংলাদেশিদের জন্য দ্রুত সহায়তা দিতে শিগগিরই একটি বিশেষ পোর্টাল চালুর কথাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।বৃহস্পতিবার জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলের সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোর সর্বশেষ তথ্যের বরাত দিয়ে মন্ত্রী জানান, বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন।তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে গ্রেপ্তার হলে তাকে সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়ার অধীনেই থাকতে হয়। ফলে সেই দেশের আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই সরকারকে কূটনৈতিক তৎপরতা চালাতে হয়।বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক আটক হওয়ার তথ্য পেলে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি মামলাসংক্রান্ত পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।আরও পড়ুন,গরম বাড়তেই বিদ্যুতের সংকট, ফিরেছে তীব্র লোডশেডিংকোনো বন্দির আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকলে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের জন্য মিশন থেকে চেষ্টা করা হয়। পরিবারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের উদ্যোগ থাকলেও প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়।বিদেশের কারাগারে বন্দি বাংলাদেশিদের ক্ষেত্রে শুধু আইনি সহায়তাই নয়, দেশে ফেরানোর প্রক্রিয়াতেও সহযোগিতা করে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো। জরিমানা পরিশোধের প্রয়োজন হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী দেশে ফেরার বিমান টিকিটের ব্যবস্থাও করা হয়।পরিবার প্রত্যাবাসনের ব্যয় বহনে সক্ষম না হলে সরকারি অর্থে সেই ব্যয় বহন করা হয়। কারাদণ্ডের মেয়াদ শেষ হলে দ্রুত ট্রাভেল পাস ইস্যুর পাশাপাশি বিমানবন্দরে দেশে ফেরার প্রয়োজনীয় প্রটোকলও সম্পন্ন করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সমন্বয়ে এসব সেবা দেওয়া হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।ক্ষেত্রবিশেষে স্বাগতিক দেশের কাছ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার জন্যও কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটক বাংলাদেশি নাগরিক এবং মিয়ানমারে আটক তিন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত