প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মা-গড়াই-কুশিয়ারার পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
সংবাদ দিগন্ত ||
দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী তিন দিন দেশের উত্তর, উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর পাউবোর পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমমধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিনও এ নদীগুলোর পানি প্রায় স্থিতিশীল থাকতে পারে।তবে গঙ্গা-পদ্মা নদীর পানি বেড়েছে। গঙ্গার পানি আগামী একদিন বাড়তে পারে, দ্বিতীয় দিন স্থিতিশীল থেকে পরবর্তী তিন দিন কমার সম্ভাবনা রয়েছে। পদ্মার পানি আগামী দুই দিন বাড়তে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।আরও পড়ুন, সংসদ সদস্যদের মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল করে প্রতারণা; সতর্ক করলেন চিফ হুইপআগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় গঙ্গা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।অন্যদিকে, গড়াই ও মাথাভাঙা নদীর পানিও বেড়েছে। আগামী দুই দিন গড়াইয়ের পানি বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে।এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।উত্তর-পূর্বাঞ্চলেও বাড়ছে নদীর পানি। সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো। বিশেষ করে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেটের কিছু এলাকায় কুশিয়ারা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা রয়েছে।এদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিস্তার পানি আগামী একদিন বাড়তে পারে, এরপর দুই দিন স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে। ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত