প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বর থেকে ৩ মাস ডেঙ্গুর ঝুঁকি, শিক্ষার্থীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
সেপ্টেম্বর শুরু হতেই দেশে ডেঙ্গুর মৌসুম নিয়ে নতুন করে সতর্কতার বার্তা এসেছে। ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে এমন সময়ে শিক্ষার্থীসহ সবাইকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার জাতীয় সংসদ ভবনের কার্যক্রম দেখতে আসা ঢাকার সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্ব দেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলার দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে উল্লেখ করে শিক্ষার্থীদের আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এভাবেই ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রত্যেকে ভূমিকা রাখতে পারে।ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি এতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।আরও পড়ুন, দুর্গাপূজার আগে ভারতে ইলিশ চায় আমদানিকারকরা, আবেদন ১৮ প্রতিষ্ঠানেরজন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিনে একে অপরকে গাছের চারা উপহার দেওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শও দেন তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সরকারের একার উদ্যোগে নিশ্চিত করা সম্ভব নয়। নাগরিকদের নিজেদের দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের আগে তারা সংসদ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম দেখেন। পরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লেখাপড়া ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।প্রধানমন্ত্রীর এই বার্তায় একদিকে ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি, অন্যদিকে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত