প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি
এম মিজানুর রহমান ||
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফেরাতে সিজেকেএস (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা) নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাডহক কমিটি। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বর্ধিত মেয়াদের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করাকে প্রধান লক্ষ্য হিসেবে দেখছে বর্তমান কমিটি।সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ক্রিকেট ও ফুটবল লিগ আয়োজনের বিষয়ে তাদের আন্তরিকতা রয়েছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করাই বর্তমান কমিটির অন্যতম অগ্রাধিকার।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিজেকেএস মিলনায়তনে চট্টগ্রামের ক্রিকেটার, ফুটবলার, ক্লাব প্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।সভায় খেলোয়াড় ও সংগঠকেরা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিজেকেএসের ক্রিকেট ও ফুটবল লিগ দ্রুত চালুর দাবি জানান। তারা বলেন, প্রায় তিন বছর ধরে নিয়মিত প্রতিযোগিতা না থাকায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে তরুণ খেলোয়াড়রা মাঠের সুযোগ হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।সালাউদ্দিন আহমেদ বলেন, “লিগ আয়োজনের বিষয়ে আমাদের সদিচ্ছা রয়েছে। আরও পড়ুন, গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারেরএকই সঙ্গে সিজেকেএসকে একটি নির্বাচিত কমিটির হাতে তুলে দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কমিটির মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য রয়েছে।”তিনি আরও জানান, স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্লাব প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।সভায় বক্তারা বলেন, বর্তমান অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হওয়া উচিত দ্রুত নির্বাচন আয়োজন করা এবং একই সঙ্গে সিজেকেএসের চলমান প্রশাসনিক কার্যক্রম সচল রাখা। পাশাপাশি ক্রিকেট ও ফুটবল লিগ চালুর মাধ্যমে খেলোয়াড়দের মাঠে ফেরানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।ক্রীড়া সংগঠকদের মতে, একটি নির্বাচিত কমিটি দায়িত্ব নিলে সিজেকেএসের সাংগঠনিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরবে এবং দীর্ঘদিন বন্ধ থাকা প্রতিযোগিতামূলক খেলাধুলা পুনরায় চালু করার পথ সহজ হবে।মতবিনিময় সভায় সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, আবুদস সাত্তার, সাবেক জাতীয় ফুটবলার মোহাম্মদ শাহেদ ও নাছির উদ্দিন, ক্রিকেটার ইকবাল বাহার, সাংবাদিক তানভির আহমেদ, সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি, ক্রীড়া সংগঠক নূর জাহেদ বাবলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত