প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে যুবলীগের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে, মামলা করছে পুলিশ
সংবাদ দিগন্ত ||
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে নগরীর ভদ্রার মোড় এলাকায় মিছিলটি করা হয় বলে জানা গেছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে কয়েকজন নেতাকর্মী একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করছেন। মিছিলকারীদের অনেকের মুখেই ছিল মাস্ক। ফলে ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।মিছিল থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—‘দেশবাসী তৈরি হও, মুক্তির মিছিলে এগিয়ে যাও।’রাজশাহী নগরীর অন্যতম ব্যস্ত এলাকা ভদ্রার মোড়ে এমন মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা।আরও পড়ুন, সাভার পৌর জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে আট নং ওয়ার্ডের মেহেদী রানা শহীদপুলিশ জানিয়েছে, মিছিলের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হচ্ছে।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারি গণমাধ্যমকে বলেন, যুবলীগের একটি মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। মামলার পর বিস্তারিত জানানো হবে।তবে এখন পর্যন্ত মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় কিংবা কতজনের বিরুদ্ধে মামলা হচ্ছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।ঘটনাটি ঘিরে রাজশাহীতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রয়েছে সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত