প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকযোগে যাচ্ছে ফ্রিজ-মোটরসাইকেল, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য
সংবাদ দিগন্ত ||
শুধু চিঠি কিংবা ছোট প্যাকেট নয়, এখন ডাকযোগে গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেল, আলমারি ও ওয়ারড্রবের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন হয়েছে।ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, দেশের আইনে অবৈধ নয়—এমন যেকোনো পণ্য ডাক বিভাগের গাড়িতে পরিবহন এবং পোস্টম্যানের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে।সম্প্রতি পরীক্ষামূলকভাবে কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে। পাশাপাশি ফ্রিজ, বড় আসবাবপত্র, শিক্ষার্থীদের কাঁথা-বালিশ ও বিছানাপত্রসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছে।রান্নাঘরের দা-বঁটি-ছুরি, হাঁড়ি-পাতিল, প্রেসার কুকার, ইন্ডাকশন চুলা, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, বাইসাইকেল এমনকি কীটনাশক স্প্রে মেশিনও নির্ধারিত নিয়মে স্পিড পোস্টে পাঠানো যাচ্ছে।এই সেবায় প্রথম কেজির জন্য মাশুল ১০ টাকা এবং পরবর্তী প্রতিটি কেজির জন্য দিতে হচ্ছে আরও ৫ টাকা। গ্রাহকদের সুবিধার জন্য চালু করা হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর, যার মাধ্যমে আগেই পরিবহন খরচ জানা যাচ্ছে।বর্তমানে রাজধানীর জিপিওসহ গুলশান, বনানী, মিরপুর ও উত্তরার কয়েকটি সাব-পোস্ট অফিস থেকে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে।আরও পড়ুন, শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ আন্তর্জাতিক পার্সেলের জন্য রয়েছে বৈদেশিক ইএমএস সেবা।ডাক বিভাগের নিয়ম অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টা, এক জেলা থেকে অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টা এবং প্রত্যন্ত বা দুর্গম এলাকায় সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে পণ্য বিলির জন্য প্রস্তুত রাখতে হবে।তবে নিরাপত্তার কারণে বিস্ফোরক, দাহ্য ও বিপজ্জনক রাসায়নিক, মাদকদ্রব্য, জীবন্ত প্রাণী, আগ্নেয়াস্ত্র এবং ভরা বা খালি গ্যাস সিলিন্ডার স্পিড পোস্টে পাঠানো যাবে না।ডাক অধিদফতরের মহাপরিচালক জানান, ক্ষুদ্র উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সেবাটি বেশ জনপ্রিয় হয়েছে। ভবিষ্যতে আন্তঃজেলা বাসাবদলের মতো সেবাও চালুর পরিকল্পনা রয়েছে।সেবার সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে ৫০টি বৈদ্যুতিক বাইক সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেইল প্রসেসিং সেন্টারকে পূর্ণ সক্ষমতায় ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।ডাক বিভাগের লক্ষ্য—লাভ নয়, সাশ্রয়ী ও নিরাপদ সেবার মাধ্যমে দেশের এক প্রান্তের মানুষকে অন্য প্রান্তের সঙ্গে আরও সহজে যুক্ত করা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত