প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’: শফিকুর রহমান
সংবাদ দিগন্ত ||
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন।শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে তিনি এসব কথা বলেন।জামায়াত আমির বলেন, তাদের ছয় দফা দাবির সঙ্গে আরও একটি দাবি যুক্ত হবে—বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না। জনগণ চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ এবং দুর্নীতির কারণে তাদের অধিকার লুণ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।শফিকুর রহমান বলেন, দেশে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট রয়েছে; অথচ এসব সেবার বিল নিয়মিতই দিতে হচ্ছে। জনগণ এসব কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।আরও পড়ুন, ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু সিফাত নামের এক তরুণের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, তার মুখের ভাষা তারা সমর্থন করেন না। তবে যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে প্রয়োজনে দেশের ১৮ কোটি মানুষ প্রতিবাদী হয়ে উঠবে।সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না।ঢাকাবাসীর কাছে দোয়া চেয়ে শফিকুর রহমান বলেন, জনগণের দাবি আদায়ের অঙ্গীকার নিয়েই ১১ দলের লংমার্চ শুরু হয়েছে। চট্টগ্রামের উদ্দেশ্যে এই যাত্রায় কোনো বাধা এলে তা অতিক্রম করেই গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও তাদের আন্দোলন চলবে।মহান আল্লাহর সাহায্য কামনা করে লংমার্চ সফল ও নিরাপদ করার জন্য সবার কাছে দোয়া চান জামায়াত আমির।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত