প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যানের ভেতর থেকে ৪ ঘণ্টা পর চালক উদ্ধার
সংবাদ দিগন্ত ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়া কাভার্ড ভ্যানের ভেতর প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর চালক মো. শামীমকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার ভোরে ফাজিলপুরের খাইয়ারা সংলগ্ন জেনিথ পাম্পের বিপরীত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে দীর্ঘ উদ্ধার অভিযানের পর শামীমকে ভ্যানের ভেতর থেকে বের করে আনা হয়।উদ্ধার হওয়া চালক মো. শামীম পটুয়াখালীর দশমিনা উপজেলার ইদ্রিস আকনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ‘রহিম ইন্ডাস্ট্রিজের’ প্রায় ২১ টন স্ক্র্যাপ ও লোহার মালামাল নিয়ে কাভার্ড ভ্যানটি ঢাকার কাঁচপুরের দিকে যাচ্ছিল।ফাজিলপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপে চালক নিয়ন্ত্রণ হারান বলে জানা গেছে। এ সময় কাভার্ড ভ্যানটি সড়কের পাশে উলটে যায়।আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ভেটেরিনারি ফার্মেসিকে জরিমানাদুর্ঘটনার পর চালকের সহকারী বের হতে পারলেও ভ্যানের ভেতরে আটকা পড়েন শামীম। পরে টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়িটি দেখতে পেয়ে কাছে যান। এ সময় তারা ভেতর থেকে চালকের চিৎকার ও আকুতি শুনতে পান।পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফেনী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।দুমড়েমুচড়ে যাওয়া কাভার্ড ভ্যানের ভেতরে প্রায় ২১ টন ভারী লোহার মালামাল থাকায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় শামীমকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক এম. এ. ইমরান হোসেন জানান, টহলের সময় ভ্যানটি উলটে থাকতে দেখে পুলিশ এগিয়ে যায়। পরে চালকের চিৎকার শুনে তার অবস্থা বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিযানের পর চালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত