প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
দিশা সালিয়ানের মৃত্যু: সিবিআই তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টে
সংবাদ দিগন্ত ||
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যু মামলায় এসেছে বড় মোড়। প্রায় ছয় বছর পর তাঁর মৃত্যুর ঘটনা নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। মামলাটি তদন্ত করবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।বুধবার বিচারপতি সারাং কোটওয়াল ও বিচারপতি রণজিৎ সিং ভোসলের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি বহুতল ভবনের ১৪ তলা থেকে পড়ে মারা যান দিশা সালিয়ান। সে সময় মুম্বাই পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল।তবে শুরু থেকেই মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন দিশার বাবা সতীশ সালিয়ান।আড়ও পড়ুন,পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট ছাড়াই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র শুটিং, রুসো ব্রাদার্সের ভিন্ন কৌশল গত বছর তিনি বম্বে হাইকোর্টে আবেদন করেন। আবেদনে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের নামও উল্লেখ করা হয়।দিশার বাবার অভিযোগ, মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে। তাঁর আইনজীবী আদালতে আরও দাবি করেন, দিশার ময়নাতদন্তের প্রতিবেদনও তাঁর বাবাকে দীর্ঘ সময় জানানো হয়নি।তবে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এসব অভিযোগের বিরোধিতা করা হয়েছে। সরকারি আইনজীবী আদালতকে জানান, দিশাকে হত্যা করা হয়েছে—এমন কোনো শক্ত প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। তদন্তে আত্মহত্যা অথবা দুর্ঘটনাবশত পড়ে যাওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছিল বলেও জানানো হয়।আদিত্য ঠাকরের আইনজীবীও মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আবেদনটির বিরোধিতা করেন।আদালত অবশ্য স্পষ্ট করে বলেছেন, পর্যাপ্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা উচিত নয়। একই সঙ্গে বিচারপতিরা মৌখিকভাবে মন্তব্য করেন, দিশার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করে তদন্ত করতে পারত।আড়ও পড়ুন,১৮০ ফ্লপ পেরিয়েও মিঠুনের কামব্যাক পরিবারের কাছে মেয়ের মৃত্যুর বিষয়ে একটি চূড়ান্ত উত্তর থাকা প্রয়োজন বলেও মত দেন তারা।এখন আদালতের নির্দেশে সিবিআইয়ের একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তা তদন্তের দায়িত্ব নেবেন। তদন্তে গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেলে দ্রুত অভিযোগপত্র দাখিল করতে হবে। আর পর্যাপ্ত প্রমাণ না মিললে আদালতে ক্লোজার রিপোর্ট জমা দিতে হবে।অর্থাৎ, দীর্ঘদিনের বিতর্কের পর দিশা সালিয়ানের মৃত্যু নিয়ে এবার শুরু হচ্ছে নতুন তদন্ত। তবে তদন্ত শেষ হওয়ার আগে আদিত্য ঠাকরে কিংবা অন্য কাউকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা যাবে না—এ বিষয়টিও স্পষ্ট করেছে আদালত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত