প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সুদের হার বাড়ার শঙ্কা, বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
সংবাদ দিগন্ত ||
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনায় চাপে পড়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম। মূল্যবান এই ধাতুর দাম কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৩৭ ডলারে নেমে এসেছে।বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৪৩৭ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।এর আগে আগের সেশনেও স্বর্ণের দাম ১৯ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সে। সেখানে দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৫ দশমিক ৩০ ডলারে উঠেছে।স্বর্ণের বাজারে চাপের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিতকে।আরও পড়ুন, রপ্তানিতে বড় উল্লম্ফন, আগস্টে আয় বেড়েছে ১৩.১৪ শতাংশসিএমই ফেডওয়াচ টুলের হিসাবে, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে তা বাড়ার সম্ভাবনা ৮৯ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়তে পারে।অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আশঙ্কাও বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাবে তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারের ওপরে উঠেছে।বিশ্লেষকদের আশঙ্কা, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হলে স্বর্ণের ওপর আরও চাপ তৈরি হতে পারে।এদিকে স্বর্ণের বিপরীতে স্পট রুপার দাম দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৬ দশমিক ৩৪ ডলার, প্লাটিনাম দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯৩ দশমিক ০৩ ডলার হয়েছে। প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত রয়েছে ১ হাজার ৩৫৬ দশমিক ৭৫ ডলারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত