প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে বৃষ্টিতে ভিজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জোবায়ের হোসেন ইফতি ||
বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়দেবপুর শিববাড়ি সড়কের ওয়্যারলেস গেট এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তবে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি।বৃষ্টি থামার অপেক্ষায় কয়েক ঘণ্টা নেতাকর্মীরা সড়ক, বিভিন্ন দোকানপাট ও ভবনের সামনের আঙিনায় অবস্থান করেন। পরে বৃষ্টি অব্যাহত থাকায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর বৃষ্টির মধ্যেই শোভাযাত্রা শুরু হয়।গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে শিববাড়ি মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পথসভায় অংশ নেন।পথসভায় একটি খোলা পিকআপ ভ্যানে দাঁড়িয়ে নেতৃবৃন্দ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।আরও পড়ুন,রায়পুরায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক, পুলিশের সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্যএ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের কাজে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে।”তিনি আরও বলেন, “ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। সেখানে বসে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা বলছেন। সবার আগে দেশ গড়ার এই নতুন যাত্রায় কোনো ফ্যাসিস্টের স্থান হবে না।”গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সবার আগে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো প্রকার আপস করা হবে না।”প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, কেন্দ্রীয় নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা গাজী সালাহ উদ্দিনসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত