প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
কাশিমপুরে আসামি ধরতে গিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুরের কাশিমপুরে গভীর রাতে এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তা ও তার সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিক মো. শহিদুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগে শহিদুল ইসলাম উল্লেখ করেন, গত ২৯ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে কাশিমপুর থানার এএসআই সেকেন্দার আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করেন। তারা বাড়ির ভাড়াটিয়া কামালকে গ্রেপ্তার করার কথা বলে ঘরে ঢুকে তল্লাশি চালান।অভিযোগে বলা হয়, তল্লাশির একপর্যায়ে ওয়ারড্রব থেকে প্রায় ১০ ভরি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের বালা, ১ জোড়া কানের দুল, ১টি স্বর্ণের টিকলি এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। এ সময় বাধা দিলে বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।আরও পড়ুন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ'র ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণশহিদুল ইসলাম আরও দাবি করেন, অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভাড়াটিয়াকে সঙ্গে নিয়ে চলে যান। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।তবে অভিযোগের বিষয়ে কাশিমপুর থানার এএসআই সেকেন্দার আলী বলেন, “আসামি গ্রেপ্তারের অভিযানে আমি কেবল আইনি সহায়তা করেছি। স্বর্ণালংকার বা টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।”এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত