প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বিরোধীদের তোপে পড়তে পারে সরকার
সংবাদ দিগন্ত ||
আগামীকাল বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার কারণে এবারের অধিবেশন ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস-বিদ্যুৎ সংকট, লোডশেডিং ও জনদুর্ভোগের বিষয়গুলোতে সরকারকে জবাবদিহির মুখে ফেলতে চান বিরোধী দলের সংসদ সদস্যরা।বিরোধী দলীয় এমপিরা বলছেন, সরকার ইতোমধ্যে দায়িত্ব পালনের ছয় মাস পূর্ণ করেছে। তাই সরকারের কাছে এখন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য-ব্যর্থতার হিসাব চাইবেন তারা। দেশ গঠনে সরকারের দুর্বলতা এবং জনগণের দুর্ভোগের বিষয়গুলো সংসদে তুলে ধরে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করার কথাও জানিয়েছেন তারা।তবে সরকারদলীয় এমপিদের মতে, সংসদীয় গণতন্ত্রে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক এবং বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য স্বাভাবিক। দেশের স্বার্থে গঠনমূলক আলোচনা হওয়াই সংসদের সৌন্দর্য।আরও পড়ুন, আনসার-ভিডিপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতএদিকে সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, গণভোটের বিধান এবং জুলাই সনদ—এই চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় অধিবেশনে উত্তপ্ত বিতর্কের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন এবং সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের ভূমিকা ও সভাপতি পদ বণ্টন নিয়ে টানাপড়েন তৈরি হতে পারে।অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আজ রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।ফার্মগেট, বিজয় সরণি, শ্যামলী মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট এবং বাড়ানো হয়েছে ক্যামেরার আওতা।সব মিলিয়ে, রাজনৈতিক বিতর্ক ও জনদুর্ভোগের ইস্যুতে এবারের সংসদ অধিবেশন বেশ সরগরম হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত