প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
প্রচণ্ড গরমে সিদ্ধিরগঞ্জে অসুস্থ ৭০-৮০ নারী শ্রমিক
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন ৭০ থেকে ৮০ জন নারী শ্রমিক। অসুস্থদের বেশির ভাগকেই ইপিজেডের বেপজা হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরলেও কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।শনিবার দুপুরের পর আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে কয়েকজন অসুস্থ হলেও কিছু সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এতে কারখানার অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি বিবেচনায় রাত ৯টায় ছুটি দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকদের ছুটি দেওয়া হয়।নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি ইন্টেলিজেন্স মো. আনোয়ারুল হক জানান, প্রচণ্ড গরমের কারণে প্রায় ৭০ থেকে ৮০ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।আরও পড়ুন, কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান তাদের বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিন থেকে চারজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।কারখানার জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন জানান, কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হওয়ার পর আরও শ্রমিক অসুস্থতা অনুভব করছেন বলে কর্তৃপক্ষ জানতে পারে। পরে অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, প্রাথমিকভাবে শ্রমিকদের মধ্যে হিট স্ট্রোকের মতো উপসর্গ দেখা গেছে। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।প্রচণ্ড গরমের মধ্যে কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তবে ঘটনার প্রকৃত কারণ বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত