প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
রোনালদোর নতুন ইতিহাস, টানা ২৫ মৌসুমে গোল করে পেছনে ফেললেন ইব্রাহিমোভিচকে
সংবাদ দিগন্ত ||
ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো।আল-রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে আল-নাসরের হয়ে শেষ গোলটি করেন পর্তুগিজ এই মহাতারকা। আর এই গোলেই প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।আল-রিয়াদের বিপক্ষে শুরুতে বেঞ্চে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান সিআরসেভেন।৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান রোনালদো। এই গোলেই আল-নাসরের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।রোনালদোর এই গোলের মাধ্যমে টানা মৌসুমে গোল করার রেকর্ডে পেছনে পড়ে গেলেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।আরও পড়ুন, অস্ট্রেলিয়ার পর ওয়েস্ট ইন্ডিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে বড় সুযোগ ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।রোনালদোর এই ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং পর্তুগালের হয়ে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আবার ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে সৌদি ক্লাব আল-নাসরেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।এদিকে আল-রিয়াদের বিপক্ষে করা গোলটি ছিল রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে এই পর্তুগিজ তারকা।সম্প্রতি রোনালদো ইঙ্গিত দিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমই হতে পারে তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়। তাই শেষ মৌসুমের শুরুতেই এমন রেকর্ড তার ক্যারিয়ারকে এনে দিয়েছে আরও একটি ঐতিহাসিক উচ্চতা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত