প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলকে এনসিপির অভিনন্দন
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। তবে অভিনন্দন জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছে দলটি। এনসিপির দাবি, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন না করে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।বৃহস্পতিবার রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানানো হয়।তবে একই বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানায় দলটি।এনসিপির অভিযোগ, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি তা রক্ষা করছে না। দলটির ভাষ্য, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা থাকলেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।আরও পড়ুন, ‘ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন’ : নাহিদ ইসলাম“রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন।”নাহিদ ইসলামের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ ছিল না।তার অভিযোগ, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না করায় বিএনপি মুখে এক কথা এবং কাজে আরেকটি করেছে বলে মন্তব্য করেন তিনি।এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে এনসিপির এই অভিযোগে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একদিকে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়েছে দলটি, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে এনসিপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত