প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
সড়ক আইন ভাঙলে এবার যাত্রী-পথচারীরও জরিমানা
সংবাদ দিগন্ত ||
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও মালিকের পাশাপাশি এবার যাত্রী, পথচারী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ‘সড়ক নিরাপত্তা আইন, ২০২৬’-এ সড়ক আইন ভাঙলে যাত্রী ও পথচারীকেও শাস্তির আওতায় আনার বিধান রাখা হয়েছে।প্রস্তাবিত আইনে চালককে বেপরোয়া বা দ্রুতগতিতে গাড়ি চালাতে উৎসাহ দেওয়া, ঝুঁকিপূর্ণভাবে গাড়িতে ওঠা, গাড়ির জানালা দিয়ে হাত-মাথা বের করা কিংবা নির্ধারিত আসনের বাইরে বসার মতো অপরাধে যাত্রীকে সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।একইভাবে ফুটপাত ব্যবহার না করে সড়ক দিয়ে হাঁটলে পথচারীকেও সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা করা হতে পারে। পথচারীদের ফুটপাত, নির্ধারিত পারাপার স্থান ও নিরাপদ সড়কদ্বীপ ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হচ্ছে।তবে দেশের অনেক সড়কে ফুটপাত দখল, অনুপস্থিতি কিংবা চলাচলের অনুপযোগী থাকার বিষয়টিও সামনে এসেছে। খসড়া আইনে নিরাপদ ফুটপাত, পর্যাপ্ত ক্রসিং ও সড়কদ্বীপ নির্মাণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত আইনে শিশুদের সড়ক নিরাপত্তায়ও বেশ কিছু নতুন বিধান রাখা হয়েছে। মোটরসাইকেলে ছয় বছরের কম বয়সী শিশুকে সহযাত্রী হিসেবে নেওয়া নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে।আরও পড়ুন, নিহত বাংলাদেশিদের মরদেহ আনার খরচ দেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এছাড়া লাইসেন্সবিহীন অপ্রাপ্তবয়স্ককে মোটরসাইকেল চালানোর সুযোগ দিলে মালিক বা অভিভাবককেও দায়ী করার বিধান রাখা হচ্ছে।চালক ও সহযাত্রী—উভয়ের জন্য মানসম্মত হেলমেট বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। ১৩৫ সেন্টিমিটারের কম উচ্চতার অথবা ১৪ বছরের কম বয়সী শিশুকে মোটরযানের সামনের আসনে বসানো যাবে না। বয়স, উচ্চতা ও ওজন অনুযায়ী শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা আসন বা ‘চাইল্ড রিস্ট্রেইন্ট সিস্টেম’ ব্যবহারের প্রস্তাবও রয়েছে।নতুন আইনে গতি নিয়ন্ত্রণেও কঠোরতার প্রস্তাব করা হয়েছে। জাতীয় পর্যায়ে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার এবং শহর এলাকায় ৪০ কিলোমিটার নির্ধারণের কথা বলা হয়েছে। গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা ও স্বয়ংক্রিয় স্পিড ম্যানেজমেন্ট ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে।পথচারী পারাপারের স্থান, মোড় ও রেলক্রসিংয়ের ৫০ মিটারের মধ্যে ওভারটেকিং নিষিদ্ধ করার পাশাপাশি কুয়াশা, বৃষ্টি, ধুলা বা জনবহুল এলাকায়ও ওভারটেকিং নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।ক্লান্ত বা ঝিমুনি অবস্থায় গাড়ি চালানো এবং একান্ত প্রয়োজন ছাড়া এক হাতে স্টিয়ারিং নিয়ন্ত্রণের বিরুদ্ধেও শাস্তির বিধান রাখা হয়েছে। এসব অপরাধে প্রথমবার সর্বোচ্চ এক মাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড এবং চালকের এক পয়েন্ট কাটার প্রস্তাব রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত