প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
সদরঘাটে প্রকাশ্য দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠান-বাসাবাড়িতে লুটপাটের অভিযোগ
মিজানুর রহমান ||
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে একযোগে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়েকজনের শরীরে ১৫ থেকে ১৬টি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।ঘটনাটি ঘটে গত ১২ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে সদরঘাট থানাধীন সাহেবপাড়া শনি মন্দিরসংলগ্ন এলাকায়। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠি, হাতুড়ি ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়।ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ‘মায়ের দোয়া ফিশ সেন্টার’ থেকে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। ফুটেজে কয়েকজন ব্যক্তিকে একটি দোতলা ভবনের ছাদে উঠে পাশের ভবনের দেয়ালে আঘাত করে সেটি ভেঙে ফেলতেও দেখা যায়।আরও পড়ুন, বগুড়ায় উত্তপ্ত রাজনৈতিক কর্মসূচি, এনসিপি নেতার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদসংশ্লিষ্টদের দাবি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। লুট হওয়া মালামালের মূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, হামলার পর তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সময় অভিযুক্ত ব্যক্তিরা একটি ব্যানার বের করে ঘটনাটিকে ‘মাদকবিরোধী মিছিল’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তাঁরা।ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, মাঝিরঘাট এলাকার জিলানী, বুইস্যা ও রানাসহ কয়েকজনের নেতৃত্বে হামলাটি চালানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সময় একজন যুবককে টাকাভর্তি একটি ব্যাগ কাঁধে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে বলেও দাবি করেছেন ব্যবসায়ীরা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, হামলাকারীরা ঘটনার বিষয়ে মুখ খুললে তাঁদের অস্ত্র ও মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এই হুমকির কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতেও ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।আরও পড়ুন, নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, চাচা-ভাতিজার বিরোধে নিহত ১আহত শাকিল জানান, ঘটনার দিন সকালে তিনি নিজের বাসায় অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি বাসায় প্রবেশ করে তাঁর ওপর হামলা চালায়।শাকিলের অভিযোগ, চাইনিজ কুড়াল ও কিরিচ দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১৫ থেকে ১৬টি আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হামলায় আহত অন্যদের শরীরেও ধারালো অস্ত্র ও লাঠির আঘাত রয়েছে বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”সংঘবদ্ধ হামলার পর সাহেবপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। তারা বলছেন, প্রকাশ্য দিবালোকে এত বড় একটি দল অস্ত্র নিয়ে হামলা চালানোর পরও জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় পুনরায় হামলার আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনাস্থল এবং আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, লুট হওয়া মালামাল উদ্ধার এবং হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার, ব্যবসায়ী এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত