প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
চৌমুহনী টু লক্ষ্মীপুর চার লেন উন্নয়নের আড়ালে ভয়ংকর ঝুঁকি
মোঃ রাকিব হোসেন ||
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণকাজ দ্রুতগতিতে চললেও নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলায় প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছেন লাখো মানুষ। রাস্তার দুই পাশ খনন করে নির্মাণকাজ পরিচালনা করা হলেও অধিকাংশ স্থানে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী, ব্যারিকেড, সতর্কীকরণ সাইনবোর্ড, প্রতিফলক (রিফ্লেক্টর) কিংবা রাতের বেলায় সতর্কতামূলক আলোর ব্যবস্থা। ফলে সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।সম্প্রতি লক্ষ্মীপুরের মান্দারী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিমেন্টবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খননকৃত অংশে উল্টে যায়। স্থানীয়দের মতে, সড়কের পাশ গভীরভাবে খনন করা থাকলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। সৌভাগ্যবশত ওই ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও ঘটনাটি নির্মাণকাজে নিরাপত্তা ঘাটতির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।বর্তমানে এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন চলাচল করছে। একই সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষও প্রতিনিয়ত এই সড়ক ব্যবহার করছেন। কিন্তু নির্মাণাধীন বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত না করায় চালক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।আরও পড়ুন, সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ অনেক স্থানে রাস্তার এক পাশ সরু হয়ে গেছে, আবার কোথাও খননকৃত অংশের পাশে কোনো ধরনের সতর্কীকরণ চিহ্ন নেই। বিপরীত দিক থেকে আসা দুটি ভারী যানবাহন অতিক্রম করার সময় প্রায়ই দুর্ঘটনার উপক্রম হয়।এলাকাবাসীর অভিযোগ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্মাণকাজ চলাকালে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে প্রতিটি ঝুঁকিপূর্ণ স্থানে ব্যারিকেড, নিরাপত্তা বেষ্টনী, সতর্কীকরণ সাইনবোর্ড, রিফ্লেক্টিভ মার্কার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।সচেতন মহলের মতে, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় যে কোনো সময় একটি অবহেলাই ভয়াবহ দুর্ঘটনা ও অপূরণীয় প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে।স্থানীয়দের দাবি, উন্নয়ন কাজের পাশাপাশি জননিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে আর কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা না ঘটে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত