প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, আজ থেকেই ৫ হাজার আনসার সদস্য মোতায়েন
সংবাদ দিগন্ত ||
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও জোরদারে আজ (বুধবার) থেকে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে সরকার।সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও নিরাপদ, নির্বিঘ্ন ও জনবান্ধব করতে নবগঠিত পাঁচটি উপজেলাসহ দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে।যেসব স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকেই আনসার সদস্য কর্মরত রয়েছেন, সেখানে বিদ্যমান সদস্যদের সমন্বয় করে প্রতিটি প্রতিষ্ঠানে মোট ১০ জন সদস্য নিশ্চিত করতে বলা হয়েছে।আরও পড়ুন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণস্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে আজ থেকেই এ কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি বাস্তবায়ন শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বছরে প্রায় ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে। এ অর্থ আনসার ও ভিডিপির নির্ধারিত বাজেট কোড থেকে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।স্বাস্থ্যসেবা বিভাগের সম্মতির ভিত্তিতে আনসার সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগী ও তাদের স্বজনরাও আরও নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত