প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
মিঠাপুকুরে জনপ্রিয়তায় এগিয়ে ও মানবসেবায় আস্থার প্রতীক “মানব কল্যাণ ফাউন্ডেশন”
মোত্তাছিন বিল্লাহ , মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ ||
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্যাপুর এলাকার সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশন (এম.কে.এফ) বর্তমানে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবকল্যাণকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে পরিচালিত সংগঠনটি অল্প সময়ের মধ্যেই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা ও মানুষের আস্থা অর্জন করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৩৫ জন। সভাপতি শাহ্ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, কোষাধ্যক্ষ মোঃ রমজান আলী এবং মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ ছাব্বির রহমানের নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, চিকিৎসা সহায়তা, জরাজীর্ণ রাস্তা সংস্কার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। এছাড়াও সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, যুব সমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।আরও পড়ুন ,মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সংঘর্ষের পর ৯ জন গ্রেপ্তারউপকারভোগী আব্দুল কাদের বলেন, “মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আমাদের মতো অসহায় মানুষের জন্য তাদের সহযোগিতা অনেক বড় প্রাপ্তি। এলাকার অনেক পরিবার তাদের সহায়তায় উপকৃত হয়েছে।”স্থানীয় গৃহিণী মরিয়ম বেগম বলেন, “এই সংগঠনটি কোনো স্বার্থ ছাড়াই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র, ঈদ সামগ্রী ও বিভিন্ন সময়ে সহযোগিতা পেয়ে অনেক অসহায় পরিবার উপকৃত হয়েছে। আমরা চাই সংগঠনটি আরও বড় পরিসরে কাজ করুক।”স্থানীয় যুবক রফিকুল ইসলাম বলেন, “মানব কল্যাণ ফাউন্ডেশন বর্তমানে এলাকার মানুষের কাছে একটি আস্থার নাম। যে কোনো মানবিক সংকটে সংগঠনের সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। এ কারণেই অল্প সময়ে সংগঠনটি মানুষের ভালোবাসা অর্জন করেছে।”স্থানীয়দের দাবি, মানব কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত করার স্বার্থে সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত একটি নিবন্ধিত (রেজিস্ট্রেশনপ্রাপ্ত) সামাজিক সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, সরকারি নিবন্ধন ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে সংগঠনটি আরও বেশি আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা লাভ করবে, যার মাধ্যমে বৃহত্তর পরিসরে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে। এতে এলাকার আরও বেশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন।আরও পড়ুন, বিজিবির বাধায় ব্যর্থ পুশ-ইন, নারী-শিশুসহ ২১ জনকে ফিরিয়ে নিল বিএসএফসংগঠনের মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ ছাব্বির রহমান বলেন, “আমরা শুধু সহায়তা বিতরণেই সীমাবদ্ধ নই। সংগঠনের সদস্যরা প্রত্যেক পাড়া-মহল্লায় গিয়ে অসহায় ও প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের তালিকা প্রস্তুত করার চেষ্টা করি, যাতে সহযোগিতা সঠিক মানুষের কাছে পৌঁছায়। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের অন্যতম লক্ষ্য। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এ কাজ করে যাচ্ছি।”তিনি আরও বলেন, “মানব কল্যাণ ফাউন্ডেশন একটি মানবিক পরিবারে পরিণত হয়েছে। সদস্যদের নিজস্ব অর্থায়ন, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।”সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক বলেন, “আমরা মানুষের সেবাকে দায়িত্ব ও আমানত হিসেবে মনে করি। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা ও দোয়া পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে চাই।”এলাকাবাসীর প্রত্যাশা, মানব কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও তাদের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় নিবন্ধিত হয়ে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে সমাজের কল্যাণে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত