প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে পথচারীর অধিকার ফিরছে - মিরপুরে অবৈধ দখল উচ্ছেদে জোরালো পদক্ষেপ
সুমন খান ||
রাজধানীর মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক মিরপুর বিভাগ। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পরিচালিত এই বিশেষ অভিযানে উচ্ছেদ, জরিমানা ও আটক সব মিলিয়ে এক কঠোর বার্তা দেওয়া হয়েছে দখলদারদের।ডিসি ট্রাফিক মিরপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এর দিকনির্দেশনায় এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে মিরপুরের সনি স্কয়ার, ঈদগাহ মাঠ, রাইনখোলা ও চিড়িয়াখানা রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্যাপক তৎপরতা চালানো হয়।অভিযান চলাকালে দেখা যায়, ফুটপাতের বড় একটি অংশ অবৈধভাবে দখল করে দোকানপাট স্থাপন, দোকানের বর্ধিত অংশ তৈরি এবং বিভিন্ন মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা ও দখলদারিত্বের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আরও পড়ুন, সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক, জিম্মি থাকা ৩ জেলে উদ্ধারআইন অমান্য করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি দোকানকে মোট ৬৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে একজনকে আটক করা হয় এবং আরও ৪ জনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়, যা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক (মিরপুর বিভাগ), এসি ট্রাফিক (মিরপুর জোন), এসি পেট্রোল (মিরপুর জোন) সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট থানা ও ফাঁড়ির সদস্যরা। তাদের সমন্বিত অংশগ্রহণে অভিযানটি আরও কার্যকর ও ফলপ্রসূ হয়।স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা এসব অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে নিয়মিত অভিযান না থাকায় সমস্যা জটিল আকার ধারণ করেছিল। তবে সাম্প্রতিক এই অভিযানের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ফুটপাত ব্যবহারে কিছুটা শৃঙ্খলা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, কোনোভাবেই দখল করে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না। জনদুর্ভোগ কমাতে এবং নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।একদিনের অভিযান যথেষ্ট নয়,টেকসই সমাধানের জন্য প্রয়োজন নিয়মিত নজরদারি, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি। অন্যথায় দখলদাররা আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে।আরও পড়ুন, বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তারমিরপুরে পরিচালিত এই অভিযান শুধু একটি উচ্ছেদ কার্যক্রম নয়, বরং নগর শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এখন দেখার বিষয়,এই কঠোর অবস্থান কতটা ধারাবাহিকভাবে বজায় থাকে এবং সাধারণ মানুষ কতটা এর সুফল ভোগ করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত