প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
ইবিতে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মানববন্ধন
একেএম নাজমুল আলম, , কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ||
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে নিজ দপ্তরে ছুরিকাঘাতে নিহত সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এসব ব্যানারে লেখা ছিল— “আসমা রুনার খুনিদের বিচার চাই”, “মা হারা আমরা চার ভাই, আমাদের মা কে ফিরিয়ে দাও”, “সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হবে”, “শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধ হোক” ইত্যাদি স্লোগান।মানববন্ধনে বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কক্ষে এমন নৃশংস হত্যাকাণ্ড শিক্ষাঙ্গনের জন্য গভীর উদ্বেগের বিষয়। দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনা না হলে শিক্ষকদের নিরাপত্তা ও শিক্ষাঙ্গনের পরিবেশ প্রশ্নের মুখে পড়বে। উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ২২৬ নম্বর কক্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া-২০২৬ অনুষ্ঠিতএ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী মুহা. ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী খন্দকার ফজলুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে শিক্ষিকা আসমা সাদিয়া রুনার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের আবহ বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত