প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১২ এপ্রিল আসছে ফু ফাইটার্সের নতুন অ্যালবাম
ডেস্ক ||
রক ভক্তদের সুখবর দিয়েছে ‘ফু ফাইটার্স’। ব্যান্ডের প্রধান ও গায়ক ডেভ গ্রোল জানিয়েছেন এপ্রিলেই নতুন অ্যালবাম নিয়ে আসছে তারা। এক বিজ্ঞপ্তিতে ডেভ গ্রোল বলেন, আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে ‘ইওর ফেভারিট টয়’ নামের এই নতুন অ্যালবাম। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি ব্যান্ড ইউটিউবে প্রকাশ করছে একই দিনে। অনলাইন বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম ‘কাভার মিডিয়া’ লিখেছে নতুন অ্যালবামের জন্য নতুন ধরনের সঙ্গীত ও সুরের খোঁজ করছিলেন বলে জানিয়েছেন গ্রোল। তিনি বলেন, “এক বছর ধরে বিভিন্ন সঙ্গীতের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এই অ্যালবামের সাউন্ড নির্দিষ্ট করতে পেরেছি।”অ্যালবামটিতে ১০টি গান আছে যার সবগুলোর প্রযোজনা করেছেন ফু ফাইটার্সের সদস্যরা। অ্যাপল মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোল জানান, ব্যান্ডের সবাই মিলেই ঠিক করেছেন টাইটেল ট্র্যাকটি সবার আগে প্রকাশ করা হবে। তিনি বলেন, “এই গানটিই অ্যালবামের অন্য গানগুলোর জন্য স্প্রিংবোর্ড হিসেবে কাজ করবে। এটা রেকর্ড করার সময়ই আমরা বুঝতে পারছিলাম যে, এই গানটি বিশেষ কিছু হতে যাচ্ছে। এই অনুভূতিটাই আমরা চাচ্ছিলাম।” ২০২২ সালে ব্যান্ডের নিয়মিত ড্রামার টেইলর হকিনসের মৃত্যুর পর জশ ফ্রিস যোগ দেন দলে। গত বছর ফ্রিস চলে গেলে তার জায়গায় নাইন ইঞ্চ নেইলসের ড্রামার ইলান রুবিন দলে যোগ দেন কনসার্টে বাজানোর জন্য। এই অ্যালবামে রুবিনই মূল ড্রামারের ভূমিকায় ছিলেন বলে নিশ্চিত করেছেন গ্রোল।আরও পড়ুন, হিমির ভয়১৯৯৪ সালে কিংবদন্তি গায়ক কার্ট কোবেইনের মৃত্যুর পর থেমে যায় জনপ্রিয় গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানার কার্যক্রম। নির্ভানা ব্যান্ডের ড্রামার ডেভ গ্রোল ওই বছরই একক প্রচেষ্টায় গড়ে তোলেন ব্যান্ড ফু ফাইটার্স।১৯৯৫ সালে আসে তাদের প্রথম অ্যালবাম। এরপর গত ৩১ বছরে একে একে তারা প্রকাশ করেছে আরও ১০টি অ্যালবাম। ‘ইওর ফেভারিট টয়’ হতে যাচ্ছে ফু ফাইটার্সের দ্বাদশ অ্যালবাম। বর্তমানে ফু ফাইটার্স তাদের ‘টেক কাভার ট্যুর’ এর বিরতিতে আছে। চলতি বছর জানুয়ারিতে মেক্সিকোর লিওনে শুরু হয় তাদের এই কনসার্ট সিরিজ। ২০২৭ এর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে শেষ হবে এটি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত