প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত, তিন নেতাকে শোকজ
ডেস্ক ||
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি-ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে দুই নেতার সব দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে আরও তিন নেতাকে শোকজ করা হয়েছে। ১৬ /০২/২৬ তারিখ সোমবার ভোর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বেলকুচি পৌর শাখাধীন জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডলের সকল পদ স্থগিত করা হয়েছে। ঐ চিঠিতে উল্লেখ করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের সব পদ থেকে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন, বগুড়ায় র্যাবের অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতারঅন্যদিকে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা শহরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল এবং সদর থানা রোডের বিএনপি নেতা আরজু আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে চিঠিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত