প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম- ১৪ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি
মোঃ সবুজ মৃধা,, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম ||
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন (জানুয়ারি ২০২৬ অনুযায়ী)। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। মোট ১০০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। অনেক কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ, আনসার ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বিত টহলের কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। এক নারী ভোটার বলেন, নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। কেন্দ্রে কোনো ঝামেলা নেই।” রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সকল কেন্দ্রই সময়মতো ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আরও পড়ুন, কুষ্টিয়া-২ আসনে ব্যালট পেপার চুরির চেষ্টা: যুবকের তিন বছরের কারাদণ্ডএদিকে ভোটগ্রহণ ঘিরে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝেও তৎপরতা দেখা গেছে। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাঁরা কেন্দ্রের নির্ধারিত দূরত্ব বজায় রেখে অবস্থান করছেন। চট্টগ্রাম-১৪ আসনের বিভিন্ন এলাকায় ভোট উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই ভোটাররা পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। অনেক ভোটার এটিকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে উল্লেখ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম চলছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত