প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকির ভোট প্রদান শেষে জোট প্রার্থীর শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা
ডেস্ক ||
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‘আজকের দিনটি অনেক প্রতীক্ষিত। অসংখ্য শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এই দিনটি পেয়েছি। গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর এসব কথা বলেন তিনি।জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াই থেকে শুরু করে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আন্দোলনের অন্যতম ভরসার কেন্দ্র ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আজকের দিনটি দেখে যেতে পারেননি, তবুও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘নানা আশঙ্কা থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে মানুষ আসছেন।আরও পড়ুন, পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন লুৎফুজ্জামান বাবরআমি এই কেন্দ্রে ভোট দিলাম, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি, সব প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।’ আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই উল্লেখ করে সাকি বলেন, ‘অনেক লড়াই ও ত্যাগের বিনিময়ে যে পরিবেশ তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। নির্বাচনে জয়-পরাজয় থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কেউ বেশি ভোট পাবেন, কেউ কম পাবেন। তবে সবার মতামত ও মর্যাদা নিশ্চিত করতে হবে।’সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেই বিজয়ী হোক না কেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরকে সফল করতে পারলেই শহীদদের রক্তস্নাত স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত