প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন হবে শঙ্কাহীন ও উৎসবমুখর, যেকোনো সহিংসতায় কঠোর ব্যবস্থা : ফরিদপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা
এ এস এম জুনায়েদ,, জেলা প্রতিনিধি, ফরিদপুর: ||
এবারের নির্বাচন হবে উৎসবমুখর ও ভয় ভীতিহীন, অবাধ ও সুষ্ঠু। সহিংসতার কোনো শঙ্কা নেই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফরিদপুর অঞ্চলে কঠোর নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পাঁচ জেলার দায়িত্বরত তিন বাহিনীর অধিনায়ক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন— জাতীয় নির্বাচনে এবারের মতো এত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অতীতে নিয়োগের নজির নেই। আগের নির্বাচনগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, এবার এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। আমরা আশা করি সামনে আর হবে না। তবে নির্বাচনের দিন যদি কেউ সহিংসতার চেষ্টা করে, তাহলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়।আরও পড়ুন, এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষের হাতে হয়রানি ও জিম্মি থেকে বাঁচতে সংবাদ সম্মেলননিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি জানান। স্থায়ী বাউন্ডারি বিহীন ভোটকেন্দ্র গুলোকে অস্থায়ীভাবে বাঁশের ঘেরা দিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এবার বিশেষ ব্যবস্থায় সশস্ত্র বাহিনীও ভোট প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। আমাদের জ্যেষ্ঠ সচিব প্রয়োজনীয় সমন্বয় করেছেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারে।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনী এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স নিযুক্ত থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সামগ্রিক প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই সরকারের প্রধান লক্ষ্য। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তাগন ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত