প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
১৮ বছরের বেশি বয়সীদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক : নাহিদ
সংবাদ দিগন্ত ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে ‘জনসেবক বাহিনী’ বা অন্যকিছু রাখা হবে। বাহিনীর কেন্দ্রীয় কাঠামো ভেঙে স্থানীয় পর্যায়ে পুনর্গঠন করা হবে। উপজেলা পর্যায় থেকে নিয়োগ এবং পদায়ন করা হবে। এ ক্ষেত্রে সমানসংখ্যক নারী-পুরুষ নিয়োগ পাবে। (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম তার ভাষণে ১৮ ঊর্ধ্ব তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মাধ্যমে গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেন।তিনি বিগত ৫৫ বছরে গড়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বন্দোবস্তকে ‘বৈষম্যের কাঠামো’ হিসেবে আখ্যা দেন। এই ব্যবস্থার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে ঐতিহাসিক গণবিদ্রোহ বলে উল্লেখ করেন। এ সময় তিনি বৈষম্য লোপ করতে এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটকে ভোট দেওয়ার আহ্বান জানান।নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে দমন-পীড়ন চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু অপরাধী পালিয়েছে, কেউ কেউ বিচারের মুখোমুখি হয়েছে।আরো পড়ুন , বেহেশতের টিকিট প্রাপ্তির সুযোগ বন্ধ হয়ে গেছে : আমির খসরু এখনও অনেক খুনি, লুটেরা ও দুর্নীতিবাজ লুকিয়ে আছে। এনসিপি সরকার গঠন করলে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হবে। বাহিনী বা পদমর্যাদা কোনো অপরাধীকে রক্ষা করতে পারবে না।তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। এই অর্থ জনগণের ছিল, তা লুট করে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে। এনসিপি ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া গ্রহণ করবে। লুটপাটকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে ‘পাবলিক ট্রাস্ট’-এর অধীনে আনা হবে।বিগত সরকার বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারতের ওপর নির্ভরশীল করে ফেলেছিল অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বছরের পর বছর সীমান্তে গুলি করে বিএসএফ কয়েকশ বাংলাদেশিকে হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এর পক্ষে সাফাই গেয়েছেন। বাস্তবে তারা বাংলাদেশকে বৈশ্বিক পরিসরে পুতুল রাষ্ট্রে পরিণত করেছিলেন। তখন ঢাকা মনে করত, দিল্লি ঔপনিবেশিক শাসনের কেন্দ্র। তাদের জাতীয় স্বার্থ উপেক্ষা এবং আত্মমর্যাদাহীন কূটনীতির কারণে দেশ আন্তর্জাতিক পরিসরে দুর্বল হয়ে পড়েছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত