প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
শফিউল মঞ্জুর ফরিদ,, ফরিদপুর প্রতিনিধি: ||
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কানাইপুরের আখ সেন্টার এলাকায় একটি পুকুরে দীর্ঘ পৌনে চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করেছিল।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে কানাইপুরের আখ সেন্টার এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ। সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে অংশ নেন। সন্দেহভাজন ওই পুকুরটিতে তল্লাশি চালাতে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া হয়। পাম্প দিয়ে পুকুরের পানি সেচে ফেলার পর তলদেশে তল্লাশি চালিয়ে কাদা ও মাটির নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অস্ত্রের ভাণ্ডার খুঁজে পায় আভিযানিক দল। বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলে এই তল্লাশি।অভিযান শেষে যৌথ বাহিনীর পক্ষ থেকে উদ্ধারকৃত অস্ত্রের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:আগ্নেয়াস্ত্র ও গুলি: ৪টি পিস্তল (১৬ রাউন্ড গুলিসহ) এবং ২টি কাটা পাইপগান (২ রাউন্ড গুলিসহ)। দেশীয় ধারালো অস্ত্র: ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি চাকু এবং ১টি টেটা। অন্যান্য: ১০১টি বর্ষার মাথা এবং ৫টি খালি মদের বোতল।ফরিদপুর সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে এই বিপুল পরিমাণ অস্ত্রের নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।আরও পড়ুন, ময়মনসিংহ- ৬ আসনে নির্বাচনী দৃশ্যপটে বড় পরিবর্তনপুকুর সেচে অস্ত্র উদ্ধারের এই চাঞ্চল্যকর ঘটনা পুরো এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের আলোতে এমন অভিযান এবং বিপুল অস্ত্র উদ্ধার তাদের মধ্যে যেমন আতঙ্ক তৈরি করেছে, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তায় তারা স্বস্তিও প্রকাশ করেছেন। লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত