প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
পথসভায় কর্মীদের খিচুড়ি খাওয়ানোয় বিএনপি প্রার্থীকে শোকজ
সংবাদ দিগন্ত ||
জয়পুরহাট জেলার জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারীর পথসভায় অংশ নেওয়া দলীয় নেতাকর্মী ও সমর্থকদের খিচুড়ি খাওয়ানোর (আপ্যায়ন) আয়োজন করার অভিযোগে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার জয়পুরহাট-২ আসনের নির্বাচনি এলাকা ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল বারীর সমর্থনে একটি পথসভায় অংশ নেওয়া দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আপ্যায়নের জন্য স্থানীয় বিএনপির নেতা শাকিলুর রহমানের বাড়িতে খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয়।এ ব্যাপারে মঙ্গলবার ওই আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারীকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।ওই নোটিশে নির্বাচনের সময় খাবারের আয়োজন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে আচরণবিধি লঙ্ঘন ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(ক) লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। আরো পড়ুন , মাটির ব্যাংক ঘিরে আগামীর স্বপ্নের কথা বললেন ফখরুলএ বিষয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ওই প্রার্থীকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।ওই নোটিশে উল্লেখ করা হয় যে, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের মিনিগাড়ী গ্রামের বাড়ির উঠানে খিচুড়ি রান্না করা হচ্ছিল। ৩টি বড় পাতিলে খিচুড়ি রান্না করা হয়। আরও দুটি বড় পাতিলে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির লোকজন গেলে রান্নার দায়িত্বে থাকা লোকজন পালিয়ে যান।স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে কমিটি জানতে পারেন, বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীর নির্বাচনি পথসভা আছে। পথসভায় অংশ নেওয়া লোকজনের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। এ সময় ৩টি বড় পাতিলে রান্না করা খিচুড়ি ও অব্যবহৃত চাল-ডাল, তেলসহ রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন মসলা-জাতীয় উপাদান জব্দ করা হয়। পরে জব্দকৃত খিচুড়ি ও অন্যান্য উপাদান বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত