প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
মাদকমুক্ত যুব সমাজের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যুবসমাজের নৈতিক চরিত্র গঠন এবং মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা এমন একটি কার্যকর মাধ্যম, যার মাধ্যমে তরুণ প্রজন্মকে নৈতিকতাসম্পন্ন ও শৃঙ্খলাবান হিসেবে গড়ে তোলা সম্ভব।গতকাল দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমি জীবনে কখনো স্পোর্টসম্যানদের খারাপ কাজে সম্পৃক্ত হতে দেখিনি।খেলাধুলার এটিই সবচেয়ে বড় মহত্ত্ব। ক্রীড়াবিদরা সাধারণত নেশাজাতীয় দ্রব্য ও অনৈতিক কাজ থেকে দূরে থাকে। তরুণ সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় সুযোগসুবিধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে। বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণ প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের অলিম্পিক কমপ্লেক্সের স্বপ্ন দেখে আসছি।আরো পড়ুন , দেশজুড়ে শীতের তীব্রতা ফের শৈত্যপ্রবাহের আগমন হানা দেবে শিলাবৃষ্টিদেশের বিভিন্ন স্থানে জায়গা পরিদর্শন করা হলেও নানা কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি। ত্রিশালে আগে থেকেই আর্মি স্পোর্টস স্কুল থাকায় এবং ঢাকার কাছাকাছি হওয়ায় এ স্থানটি নির্বাচন করা হয়েছে। তিনি জানান, এটি দেশের সর্ববৃহৎ ও আধুনিক ক্রীড়া কমপ্লেক্স হতে যাচ্ছে, যেখানে এশিয়ান গেমসসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন করা সম্ভব হবে। ভবিষ্যতে এটিকে এশিয়ার অন্যতম আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে একটি চুক্তির মাধ্যমে কমপ্লেক্সটি পরিচালিত হবে বলেও জানান সেনাপ্রধান। যোগাযোগব্যবস্থার বিষয়ে তিনি বলেন, কমপ্লেক্সটি ঢাকার ফোর লেন মহাসড়কের পাশে অবস্থিত হলেও যাতায়াত আরও সহজ করতে ঢাকা থেকে শাটল ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণ, রাস্তা নির্মাণসহ বেশ কিছু কাজ অগ্রগতি পেয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা পেলে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত