প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ডেস্ক ||
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ বদিউজ্জামান, সঞ্চালনায় মাহমুদুল হাসান রাজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। খেলার উদ্বোধক ছিলেন আমিনুল ইসলাম উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম সুমন, প্রধান শিক্ষক সায়ফুল ইসলাম কাজল, সুপার আমিরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম বাবুল, মোঃ নজরুল ইসলাম মাস্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন, ইউপি সদস্য আমিনুল এহসান উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। আজকের মাদ্রাসার ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআনের আলোয় নৈতিক শিক্ষা গ্রহণ করে সমাজে ইমামতি করছে, নামাজ পড়াচ্ছে এবং মানুষ গড়ার দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি কোরআন শিক্ষায় মনোযোগী হতে হবে এবং পিতা-মাতার আদেশ মেনে চলতে হবে। তিনি আরও বলেন, বেশি বেশি পড়াশোনা করলে ভালো মানুষ হওয়া যায়। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত কেউ কখনো পথভ্রষ্ট হয় না। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ বিজয়ী হলে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত