প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
সমাজে অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে : নাহিদ ইসলাম
সংবাদ দিগন্ত ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় নির্বাচনি প্রচারণার সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ এ মন্তব্য করেন।রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে গতকাল দুপুরে ঢাকা-৮ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।সেই প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, রাজনৈতিক সহাবস্থানের জায়গা তো কিছুটা কমে আসল গতকালের ঘটনার পরে এবং আমরা অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি।আরো পড়ুন , আমাদের ওপর হওয়া নির্যাতন ক্ষমা করে দিয়েছি : জামায়াত আমিরতিনি বলেন, আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পরে এটার পরিবর্তন হবে। আমরা তো আসলে আগের আমলের সংস্কৃতিতে ফিরে যেতে চাই না যে, প্রতিদ্বন্দ্বীরা নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করবে। আমরা কেউই এখানে শত্রু না। ফলে এখানে আসলে এই সহিষ্ণুতা থাকা উচিত, এটাই গণতন্ত্র। সবাই যার যার মতপ্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে ১২ ফেব্রুয়ারি। সেই সহিষ্ণুতাটুকু থাকা উচিত, কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে নিরপেক্ষতা বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা। তাদেরকে নির্বাচনি কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, আক্রমণ এবং হেনস্থা করা হচ্ছে।কেউ যদি মনে করে এবারের নির্বাচনে দখল করে, গায়ের জোরে জিতে আসবে, এটার কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ ৫ আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন এবং তরুণরা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, দেশের রাজনীতির পরিবর্তন দেখতে চায়। ইলেকশন কমিশন এবং যারা এই কাজগুলো করছে, তাদের কাছে আমরা আহ্বান জানাব যে, তারা যাতে এই ধরনের ন্যক্কারজনক কাজ থেকে সরে আসে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত