প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ
ডেস্ক ||
মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা। কর্মকর্তারা রয়টার্সকে জানান, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। যুদ্ধ যানগুলো মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে রয়েছে।গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তিনি এগুলো ব্যবহার করতে হবে না বলেও আশা প্রকাশ করেন। ইরানজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর চলতি মাসের শুরুতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজগুলো মোতায়েন করে যুক্তরাষ্ট্র।ইরানে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরানজুড়ে বিক্ষোভ অনেকটা স্তিমিত হয়ে গেছে। ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে—বিক্ষোভকারীদের হত্যা কমে এসেছে এবং তিনি মনে করেন, আটক হওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই ইরানের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতীতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন করেছে, তবে সেসব পদক্ষেপগুলো ছিল মূলত প্রতিরক্ষামূলক। তবে, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর আগে মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করে।এবার রণতরী এবং যুদ্ধজাহাজের পাশাপাশি পেন্টাগন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করছে। মার্কিন সামরিক বাহিনী এক ঘোষণায় বলেছে, তারা এই অঞ্চলে একটি মহড়া পরিচালনা করবে। গত সপ্তাহে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান যেকোনো আক্রমণকে তাদের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচনা করবে। এদিকে, সংযুক্ত আরব আমিরাত সোমবার জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতাপূর্ণ সামরিক পদক্ষেপের জন্য নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে দেবে না। মার্কিন সামরিক বাহিনীর আল ধফরা বিমান ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণে অবস্থিত। ইসলামিক স্টেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযানের পাশাপাশি এ অঞ্চলজুড়ে নজরদারির জন্য এ ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত