প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
গুলশানে মাদক ও দালাল সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ আরিফের অবৈধ স্পা
ডেস্ক ||
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১৩২ নং রোড যেখানে বসবাস করেন কূটনীতিক, ব্যবসায়ী ও উচ্চবিত্ত শ্রেণির মানুষ। অথচ এই অভিজাত এলাকার আড়ালেই দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে একটি অবৈধ স্পা বাণিজ্যকে কেন্দ্র করে মাদক ও দালাল সিন্ডিকেট এমনই অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। অভিযোগের তীর একটি স্পা সেন্টারের কথিত মালিক ও পরিচালনাকারী আরিফ নামের এক ব্যক্তির দিকে। সূত্রমতে, উক্ত স্পা সেন্টারটি এর আগেও গুলশান থানা পুলিশের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এ ঘটনায় একটি মামলাও দায়ের হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর রহস্যজনকভাবে আবারও চালু হয় প্রতিষ্ঠানটি। বিষয়টি ঘিরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহলের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।স্থানীয় সূত্র ও নথিপত্র ঘেঁটে জানা যায়, কয়েক মাস আগে গুলশান থানা পুলিশের একটি দল ১৩২ নং রোডের উক্ত স্পা সেন্টারে অভিযান পরিচালনা করে। অভিযানে স্পা সেন্টারটিতে অনুমোদনহীন কার্যক্রম, অনৈতিক কর্মকাণ্ডের আলামত এবং অসংগতিপূর্ণ কাগজপত্র পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই অভিযানের পর এলাকাবাসী আশাবাদী হয়ে উঠেছিলেন যে, অবশেষে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে। কিন্তু সেই আশাবাদ বেশিদিন টেকেনি।অভিযোগ রয়েছে, মামলা চলমান থাকা সত্ত্বেও এবং স্পা সেন্টারটি সিলগালা অবস্থায় থাকার পরও কয়েক মাস পর আবার নতুন করে কার্যক্রম শুরু করে। দিনের আলোতে বাইরে থেকে স্বাভাবিক ব্যবসা প্রতিষ্ঠানের মতো মনে হলেও সন্ধ্যার পর থেকেই সেখানে শুরু হয় সন্দেহজনক আনাগোনা। স্থানীয় এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে বন্ধ ছিল, আমরা সবাই ভেবেছিলাম শেষ। কিন্তু হঠাৎ দেখি আবার লোকজন আসা-যাওয়া শুরু করেছে। রাতে গাড়ির চাপ বাড়ে, অপরিচিত লোকজন ঘোরাঘুরি করে।এদিকে স্থানীয় বাসিন্দা ও একাধিক সূত্রের অভিযোগ, স্পা সেন্টারটিকে কেন্দ্র করে দালালচক্র সক্রিয়, যারা বিভিন্ন এলাকা থেকে খদ্দের সংগ্রহ করে আনে। পাশাপাশি এখানে মাদক লেনদেন হয় বলেও অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে সরাসরি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা শুধু স্পা নয়, এর আড়ালে বড় কিছু চলছে। দালালরা রাস্তায় ঘোরে, নতুন মুখ দেখলেই কথা বলে। আমরা পরিবার নিয়ে থাকি এমন পরিবেশ মোটেও কাম্য নয়।প্রতিবেদক উক্ত স্পা সেন্টারের কথিত পরিচালনাকারী আরিফের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ভাই, আমি থানার ওসি এবং জোন স্যারের সাথে কথা বলেই কোনোমতে চালু করেছি। না হলে তো সম্ভব হতো না। তার এই বক্তব্য স্থানীয়দের মধ্যে আরও উদ্বেগ তৈরি করেছে। যদি প্রতিষ্ঠানটি সত্যিই অবৈধ হয়ে থাকে, তবে কোন প্রক্রিয়ায় আবার চালু হলো? আর যদি বৈধ হয়, তবে আগের অভিযান ও মামলা কেন?উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্পা সেন্টার ও আরিফকে ঘিরে এর আগেও একাধিকবার সংবাদ প্রকাশ হয়েছে। সে সময় গুলশান বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। পরবর্তীতে বিষয়টি নিয়ে পুনরায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে একাধিকবার ফোন রিসিভ করা হয়নি। এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে।আরও পড়ুন, গুলশানে বন্ধ হওয়া জাবেদের অবৈধ স্পা সেন্টার আবারও সচল: ভূমিকায় আরিফএকজন সচেতন নাগরিক বলেন, আইনের চোখে সবাই সমান এই বিশ্বাসটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। যদি প্রভাবশালীদের কথাই শেষ কথা হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তবে আইন বিশেষজ্ঞদের মতে, কোনো প্রতিষ্ঠান একবার অবৈধ প্রমাণিত হয়ে সিলগালা ও মামলার আওতায় এলে, আদালতের নির্দেশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া তা পুনরায় চালু করা আইনত দণ্ডনীয় অপরাধ। গুলশানের মতো একটি আবাসিক ও কূটনৈতিক এলাকায় এ ধরনের অভিযোগ উঠা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্নও বটে। পরিবার নিয়ে বসবাসকারী মানুষজন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।এই প্রতিবেদনের জন্য গুলশান থানা ও গুলশান বিভাগের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ভবিষ্যতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। গুলশানের ১৩২ নং রোডের এই স্পা সেন্টারকে ঘিরে ওঠা অভিযোগগুলো যদি সত্য হয়, তবে তা আইনশৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য একটি গুরুতর সতর্কবার্তা। আর যদি অভিযোগগুলো মিথ্যা হয়, তবে দ্রুত তদন্ত করে সত্য উদঘাটন করাও সমান জরুরি। কারণ প্রশাসনিক নীরবতা কখনো কখনো অপরাধীদের সাহস বাড়িয়ে দেয় এমনটাই মনে করছেন সচেতন মহল।তবে স্পা সেন্টার ঘিরে মাদক ও দালাল সিন্ডিকেটের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট পদক্ষেপ চোখে পড়েনি। বিষয়টি নিয়ে বারবার গুলশান বিভাগের ডিসি, এসি ও সংশ্লিষ্ট থানার ওসি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তাদের অবস্থান জানা সম্ভব হয়নি। কিন্তু একাধিকবার অবহিত করার পরও প্রশাসনের এই নীরবতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। আইনের শাসন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি জনগণের প্রশ্নের জবাব না দেন, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে? এই প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতে তাদের কোনো বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। (প্রতিবেদনটি চলমান থাকবে)
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত