প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ন্যায্যতা না থাকলে দায়ী হবেন প্রধান উপদেষ্টাও : নাহিদ ইসলাম
সংবাদ দিগন্ত ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দায় প্রধান উপদেষ্টার ওপরও আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষ করে তিনি সাংবাদিকদের এ কথা জানান।এর আগে বিকেল ৫টা ৫ মিনিটে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন ও আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।নাহিদ বলেন, তারেক রহমান দেশে আসার সময় সারা ঢাকায় তাঁর ছবিযুক্ত পোস্টার ব্যানার ছিল। তখন পদক্ষেপ নেওয়া হয়নি। খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে নানা প্রচারণা করা হচ্ছে। কম্বল বিতরণ করা হচ্ছে। এসব কিছু দেখে ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ইলেকশন কমিশনের সামনে বসে থাকলে, মব করলে যদি রায় বদল হয়, তবে আমাদেরকেও যেতে হবে, কিন্তু আমরা সেই পরিস্থিতিতে যেতে চাই না।আরো পড়ুন , নতুন সিদ্ধান্তে ছাত্রদল ইসি ঘেরাও কর্মসূচি স্থগিততিনি বলেন, তারেক রহমান বলেছিলেন, তার একটি পরিকল্পনা আছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান ইসিকে চাপ প্রয়োগ করা তার পরিকল্পনা কিনা এটা জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। মিডিয়া নিয়ন্ত্রণ করা, নির্বাচনকে একদিকে হেলে ফেলানো, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক, ব্যাংক লুট ও পাচারকারীদের সংসদে নেওয়া, প্রশাসনকে চাপ প্রয়োগ করা, গণভোটে না ভোট কি তার পরিকল্পনা কিনা সেসব স্পষ্ট করা উচিত। এমন যদি তার পরিকল্পনা হয়ে থাকে তবে জনগণ সেই পরিকল্পনা মেনে নেবে না।নির্বাচন কমিশনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবে আমরা মুখোমুখি অবস্থান চাই না।তিনি বলেন, ইলেকশন কমিশন সবার আস্থা অর্জন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন কীভাবে প্রত্যাশা করব? ইলেকশন কমিশন যদি মনে করে দেশে একটাই দল, তাহলে তারা ভুল ভেবেছে। ইসি এমন করতে থাকলে, আমরা মাঠে নামতে বাধ্য হব।১০ দলীয় জোটের আসন চূড়ান্ত করার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, জামায়াত-এনসিপির যারা মনোনয়ন পাবেন না, তারা কাল প্রত্যাহার করার পর আমাদের আসন বিষয়গুলো চূড়ান্ত হয়ে যাবে।এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত প্রশাসনিক কাঠামোর ইনস্টিটিউশনাল ও মাঠপর্যায়ে স্পষ্ট একপাক্ষিক ও পক্ষপাতদুষ্ট আচরণ দেখা যাচ্ছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে বড় বাধা। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে গুরুতর সংশয় তৈরি হয়েছে।্র
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত