প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে আলোচিত আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিচার শুরু
মিজানুর রহমান, , চট্টগ্রাম প্রতিনিধি: ||
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক মামলাটির অভিযোগ গঠন করেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামি উপস্থিত ছিলেন।চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালত ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। শুনানিকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। এছাড়া পলাতক ১৬ আসামির পক্ষে একজন আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হন। বর্তমানে কারাগারে থাকা ২২ জন আসামির পক্ষে আগামী ধার্য তারিখে লিগ্যাল এইড অফিস থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে আদালত জানিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি।আদালত সূত্র জানায়, অভিযোগ গঠনের সময় মামলার ১৬ জন আসামি এখনও পলাতক রয়েছেন। চার্জশিটে যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস।উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হয়ে প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেন। ওই চার্জশিটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়।আরও পড়ুন, গংগাচড়ায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের সহ-সভাপতিএরপর গত বছরের ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি শেষে সুকান্ত দত্তসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। মামলার এজাহারে নাম থাকা গগন দাশ, বিশাল দাশ ও রাজকাপুর মেথরের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাদের অব্যাহতির আবেদন করেন। তবে তদন্তে নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনের সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় তাদের অন্তর্ভুক্ত করে মোট ৩৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট দাখিল করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত