প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
ইসি নিরপেক্ষ থাকবে বলে আশাবাদী বিএনপি : মির্জা ফখরুল
সংবাদ দিগন্ত ||
নির্বাচন কমিশনের (ইসি) ওপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের সময় কিছু সমস্যা থাকাটা নতুন কিছু নয়। তবে এখন পর্যন্ত বর্তমান কমিশনকে যেভাবে কাজ করতে দেখা গেছে, তাতে তারা মোটামুটি যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছেন।’ বিএনপির পক্ষ থেকে যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলো এরইমধ্যে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।আরো পড়ুন , ব্যারিস্টার রুমিন ফারহানা শোকজের নির্দেশতিনি আরও বলেন, ‘বিএনপি বিশ্বাস করে নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবে।’ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।এসময় বিএনপি মহাসচিব জানান, একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দলটি আগামী দিনে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেবে বলেও উল্লেখ করেন তিনি।জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনে নেতাকর্মীরা শের-ই-বাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত