প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
গংগাচড়া মডেল থানার চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪
আব্দুস সালাম, গংগাচড়া প্রতিনিধি: ||
রংপুরের গঙ্গাচড়ায় অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রবিউল ইসলামকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনসহ পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করেছে। আসামীরা হলো, নগরীর হাজীরহাট এলাকার আফসার আলীর ছেলে মিঠু মিয়া (৩০), উত্তম মাস্টারপাড়া গ্রামের হামিজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন আবির (২০), গাইবান্ধা ডেভিড কোম্পানীপাড়ার মজিবর রহমানের ছেলে নাসির মিয়া (৪৫) ও চক মমরোজপুর গ্রামের কালাম মিয়ার ছেলে লেবু মিয়া (৪০)। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ ডিসেম্বর গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট এলাকার একটি ডোবা থেকে রবিউল ইসলামের (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল নগরীর কেরানীরহাট বখতিয়ারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি একটি বেসরকারী মাদ্রাসায় শিক্ষকতা করাসহ অটোরিক্সা চালাতেন। এ ঘটনায় ১৮ ডিসেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা হলে আসামীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। গত ১৪ ও ১৫ জানুয়ারী বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করে।আরও পড়ুন, নেত্রকোনার কেন্দুয়ায় জমি দখলকে ঘিরে রক্তপাত: আহত ১২তারা পুলিশকে জানায়, ১৬ ডিসেম্বর রাত ১১টার দিকে পলাতক আসামী পারভেজ মিয়াসহ অজ্ঞাতরা অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে রবিউল ইসলামকে হত্যা করে চৌধুরী হাট এলাকার একটি কালভার্টের নিচে ঢুকিয়ে রাখে। এরপর তারা ওই অটোরিক্সাটি গাইবান্ধা সদর এলাকায় নিয়ে গিয়ে আসামী লেবু মিয়ার সহায়তায় অপর আসামী নাসির মিয়ার কাছে বিক্রি করে। পুলিশ ১৪ জানুয়ারী নগরীর বিসিক মোড় থেকে মিঠু মিয়াকে গ্রেফতার করে। এরপর তার দেয়া তথ্য মতে ইসমাইল হোসেন আবিরকে ওই রাতে নগরীর হাসনা বাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ১৫ জানুয়ারী মামলার অপর আসামী নাসির মিয়াকে গাইবান্ধার ডেভিড কোম্পানী পাড়া থেকে এবং নাসিরের দেয়া তথ্য মতে লেবু মিয়াকে গাইবান্ধা সদর ডাচ বেকারীর মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে অটোরিক্সাটি উদ্ধারসহ মামলার নানা আলামত জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত