প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
আইসিসির প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে
ডেস্ক ||
আইসিসির প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসছে, বিসিবির সঙ্গে আলোচনার জন্য। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিসিবিকে বোঝাতে আগামীকাল ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল।বিসিবি পরিচালক ইফতেখার রহমান সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, তারা আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বসতে আগ্রহী এবং আশা করছেন আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যাবে। আইসিসির প্রতিনিধি দল শনিবার রাতে ঢাকায় পৌঁছাবেন এবং ধারণা করা হচ্ছে, রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক অনুষ্ঠিত হবে।ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, এই সফরকে আইসিসির শেষ মুহূর্তের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শুধু চাপ প্রয়োগ নয়, বিসিবিকে আস্থায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে, সেসব নিয়েই আলোচনা হবে। আইসিসি নিরাপত্তা বিষয়ক পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি বিকল্প ভেন্যুতে সম্ভাব্য সমস্যাগুলোর কথা বিসিবিকে জানাবে।আরও পড়ুন, বিসিবি পরিচালকের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: আসিফ নজরুলএবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে ভারত ও শ্রীলংকা কর্তৃক। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের কলকাতা ও মুম্বাইতে। আইসিসি প্রতিনিধিদল আসার খবরে বিসিবির কর্মকর্তারা আশার আলো দেখছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন পরিচালক জানিয়েছেন, “আইসিসি আমাদের দাবি অযৌক্তিক মনে করছে না। অন্যথায় তারা এই প্রতিনিধিদল পাঠাত না। আমরা এখনো মনে করি আমাদের দাবি যৌক্তিক।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত