প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
আগামী জাতীয় নির্বাচনে আরও ৭২ জন প্রার্থি ফিরেছেন
ডেস্ক ||
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর তালিকায় গতকাল বুধবার যোগ হলেন আরো ৭২ জন। রিটার্নিং অফিসাররা তাঁদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করলেও আপিলে নির্বাচন কমিশন তাঁদের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। এই ৭২ জনসহ নির্বাচন কমিশনে (ইসি) গতকাল পর্যন্ত পাঁচ দিনের আপিল শুনানিতে মোট ২৭৫ জন প্রার্থী ফিরলেন। এ ছাড়া এই পাঁচ দিনের শুনানিতে নির্বাচন কমিশন ৭৮ জন প্রার্থীর আপিল খারিজ করেছে, ফলে তাঁরা নির্বাচনে ফিরতে পারেননি।প্রসঙ্গত, যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসাররা মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীরাই বেশি বাদ পড়েন। এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহীরাও রয়েছেন। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা হয়।গত ১০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন আপিল আবেদনের শুনানি শুরু করে। প্রথম চার দিন ৭০টি করে আপিল আবেদনের শুনানি করলেও গতকাল ১০০টি আবেদনের শুনানি করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, শুনানি শেষে ৭৩টি আবেদন মঞ্জুর, ১৭টি খারিজ এবং বাকি ১০টি পরবর্তী সময়ে নিষ্পত্তির জন্য মুলতবি রাখা হয়েছে। কমিশনের এসব সিদ্ধান্তের ফলে আগে বাতিল হওয়া ৭২ জন প্রার্থী আবার নির্বাচনী প্রতিযোগিতায় ফিরেছেন।অন্যদিকে কয়েকজন আগে বৈধ থাকা প্রার্থীর বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে। সচিব জানান, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিল শুনানি হয়েছে। আজ বৃহস্পতিবার আরো ১০০টি আপিল শুনানির কথা রয়েছে। ১৮ জানুয়ারির মধ্যে মোট ৬৪৫টি আপিল নিষ্পত্তি করার লক্ষ্য রয়েছে। গতকাল বুধবার মনোনয়নপত্রের বৈধতা নিয়ে চারটি আপিলের শুনানি হয়।এর মধ্যে কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিলটি ইসি খারিজ করেছে। ফলে তাঁর প্রার্থিতা বহাল থাকছে। দিনাজপুর-৫ আসনে বিএনপি প্রার্থী এ কে এম কামরুজ্জামানের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে করা আরেকটি আপিল ১৭ জানুয়ারি নিষ্পত্তির জন্য মুলতবি রেখেছে ইসি। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক কামরুজ্জামানের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করেন। তিনি দাবি করেন, কামরুজ্জামানের দ্বৈত নাগরিকত্ব আছে। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন—এমন কোনো প্রমাণ দাখিল করেননি।আরও পড়ুন, বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি চালানোতবে কামরুজ্জামানের আইনজীবী ও সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, বিএনপির এই প্রার্থী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং তা মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় উল্লেখ রয়েছে। এ কারণে তাঁকে নির্বাচন করতে বাধা দেওয়ার কোনো সাংবিধানিক সুযোগ নেই। এ ছাড়া কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থী সেলিম ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করেন। ইসি সেই আপিল নামঞ্জুর করায় আবদুল মতিনের প্রার্থিতা বহাল রয়েছে। কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী কে এম মণ্ডল সুপ্রিম পার্টির প্রার্থী শেফালী বেগমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন। সেই আপিল মঞ্জুর করেছে ইসি। ফলে ওই আসনে শেফালী বেগমের প্রার্থিতা বাতিল হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত