প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে রাজধানীর তিন পয়েন্টে অবরোধ
ডেস্ক ||
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে আনুষ্ঠানিক যাত্রা শুরুর এক দফা দাবিতে এবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ঘোষণা দিয়েছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের ঘোষিত তিন স্থান হলো- সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়।বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক আলোচনা শেষে খসড়াটি হালনাগাদ করা হয়েছে।আরও পড়ুন, উত্তরা–টঙ্গী সেতুর কাছে গ্যাস পাইপলাইনের ভাল্ভ বিস্ফোরণ, সরবরাহ বন্ধশিক্ষার্থীরা জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়েও সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হতে পারে। ওই সভাতেই আইনটির চূড়ান্ত অনুমোদন এবং অধ্যাদেশ জারি নিশ্চিত করতে চাপ সৃষ্টির লক্ষ্যে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত