প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় এলে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপির
ডেস্ক ||
ব্যবসায়ীদের সমস্যা সমাধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস প্রদান করেন।মীর নাসির জানান, আমরা বৈঠক করতে আসিনি, এসেছিলাম শোক জানাতে। যেহেতু বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, পথিকৃৎ ছিলেন, তাই এসেছিলাম শোক জানাতে। তবে তারেক রহমান আমাদের সমস্যার কথা শুনতে চেয়েছেন, ক্ষমতায় এলে সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন। তিনি জানান, আমরা জ্বালানি, আইনশৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা এসব সমস্যার কথা তুলে ধরেছি। সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এফবিসিআইয়ের সাবেক সভাপতি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবই আন্তরিকভাবে আমাদের কথা শুনেছেন, নোট নিয়েছেন। আমরা বলেছি অর্থনৈতিক উন্নয়ন চাইলে ব্যবসায়ীদের সফল করতে হবে। তিনি ব্যবসায়ীদের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন।বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, তারেক রহমান ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনেছেন। ব্যবসায়ীদের বড় ধরনের সমস্যাগুলো হচ্ছে— বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান কমে যাচ্ছে, পুঁজিবাজারের সমস্যা ইত্যাদি। তারেক রহমানের সঙ্গে আলাপে ব্যবসায়ীরা এ বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা, চাঁদাবাজির সমস্যা, ব্যাংক সুদের সমস্যা, দুর্নীতি ইত্যাদি কারণে ব্যবসায়িক ক্ষেত্রে খরচ বেড়ে যাচ্ছে। ফলে জনগণ সমস্যায় পড়ছে। ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছে না। তাহলে বিদেশিরা বিনিয়োগ করবে কীভাবে? আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধানে কাজ করবে বলে তারেক রহমান ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন।আরও পড়ুন, তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নেতাদের সাক্ষাৎবৈঠক বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ব্যবসায়ীদের সম্মান অত্যন্ত জরুরি। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো কর্মসংস্থানের। প্রতিষ্ঠান কমে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে। অর্থনীতি এক নম্বর। এটাকে দাঁড় করাতে হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। ক্ষমতায় এলে তারেক রহমান ব্যবসায়ীদের নিয়ে স্বচ্ছতা আনবেন, ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি করবেন বলে আশ্বস্ত করেছেন। ব্যবসায়ী প্রতিনিধিরা এ সময় স্টক মার্কেট ভাইব্রেন্ট ও ব্যাংকগুলোর অবস্থা উন্নত করারও দাবি জানান। সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব কালচার বন্ধের জোর দাবি জানান তারা।আরও পড়ুন, পদত্যাগ করা এনসিপির নেতাদের ফেরাতে আলোচনা চলছে: আখতার হোসেনবৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা হলেন- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক সভাপতি ফজলুল হক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, সাবেক সভাপতি মতিন চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, সাবেক সভাপতি নাহিদ কবির, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সভাপতি মইনুল ইসলাম স্বপন, বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আব্দুল হাই সরকার, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসি-বাংলাদেশ) প্রধান নির্বাহী সিমিন রহমান, সভাপতি মাহবুবুর রহমান, উত্তরা মটরস কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান মতিউর রহমান, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, স্টিল মিল মালিক সমিতি সভাপতি জাহাঙ্গীর আলম সভাপতি, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ।আরও রয়েছেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) তাসকিন আহমেদ, সাবেক সভাপতি হোসেন খালেদ, তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) সভাপতি আব্দুল মুক্তাদির, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিএসআরএম চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, ইউসিবিএল চেয়ারম্যান শরীফ জহির, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলি শামীম এহসান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত