প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
ভোটের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বসানো হবে বডি ক্যামেরা
||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে অতি ঝুঁকিপূর্ণ (লাল চিহ্নিত) ও ঝুঁকিপূর্ণ (হলুদ চিহ্নিত) সব ভোটকেন্দ্রে বডিঅর্ন ক্যামেরা (বডিক্যাম) রাখার পরিকল্পনা নিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রতিটি থানার গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করবে। এ ছাড়া পাঁচটি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম মোতায়েনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।ভোটকেন্দ্রসহ সুষ্ঠু ভোটের জন্য নিরাপত্তা পরিকল্পনা সাজানোর কাজও এগিয়ে নিচ্ছে পুলিশ। সেই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে দেড় লাখ পুলিশ সদস্যকে। ইতোমধ্যে এক লাখ ৭ হাজার ৫৮২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শেষ করা হয়েছে।ভোটকেন্দ্রে মোতায়েনের জন্য বর্তমানে ২৫ হাজার বডিঅর্ন ক্যামেরা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।আরো পড়ুন , জাতীয় নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পুলিশের কাছে বর্তমানে ১০ হাজার ক্যামেরা রয়েছে। ইতোমধ্যে বডিঅর্ন ক্যামেরা পরিচালনার প্রশিক্ষণও শেষ পর্যায়ে। নতুন যে ২৫ হাজার ক্যামেরা কেনা হচ্ছে তাতে এআই ফিচার থাকছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। তবে ব্যাকএন্ডে অর্থাৎ পুলিশের কমান্ড সেন্টার বা কন্ট্রোল রুমের প্ল্যাটফর্মে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম গতকাল আমাদের সময়কে বলেন, ভোটের নিরাপত্তায় নানা আয়োজন এগিয়ে নিচ্ছে পুলিশ। অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় তারা বিশেষ নজর দিচ্ছেন। এ ধরনের কেন্দ্রে বডিঅর্ন ক্যামেরা মোতায়েন করা হবে। তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনাও আপডেট করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত