প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আ. লীগ নেতা আটক
সংবাদ দিগন্ত ||
দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার কৈজুরি ইউনিয়নের এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি. এম. মামুনুর রশিদ।স্থানীয় সূত্র জানায়, আটক সিদ্দিকুর রহমান বিগত সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে সম্পাদক পদে রয়েছেন। ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউনুস খান বলেন, ‘বিগত দিনে এই সিদ্দিক ফকির (সিদ্দিকুর রহমান) বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে শুরু করে বহু নেতাকর্মীকে নির্যাতন করেছে। তাম্বুলখানা কবি জসীমউদ্দীন এন্ড হাই স্কুলের জমি দখল করে ঘর উঠিয়ে রেখেছেন। আওয়ামী লীগের নমিনেশনে নৌকা প্রতীকে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। তৎকালীন প্রতিপক্ষ বিএনপির মনোনীত আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদসহ তার অনুসারীদেরকে মেরে রক্তাক্ত করেন।জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে কৈজুরি ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত