প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
আদালতে আজ হাবিবুরসহ ৮ আসামির মামলা যুক্তিতর্ক পর্যায়ে
সংবাদ দিগন্ত ||
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন বা আর্গুমেন্ট শুরু হচ্ছে আজ।আজ সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।প্রথমে প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করবে। এরপর উপস্থিত ও পলাতক আসামিদের পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক করবেন। চলতি মাসেই উভয়পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে গত ১০ ডিসেম্বর এ মামলার আসামি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দেন জুয়েল মাহমুদ। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিনারে অংশ নেন এবং পরে পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের সঙ্গে দেখা হলে সরকার পতনের খবর তাকে জানান। এছাড়া ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে নিজ পক্ষে নিজেই সাফাই সাক্ষ্য দেন আরশাদ হোসেন। পলাতক আসামিরা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী,রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।চলতি বছরের ১৪ জুলাই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালালে বহু হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত