প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
চাকরি ছেড়ে বোহেমিয়ান জীবনের পথে
ডেস্ক ||
কর্মব্যস্ততা, নাগরিক কোলাহল আর দৃশ্যত উন্নত জীবনের পেছনে নিরন্তর ছোটাছুটি একসময় কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তার কাছে। তার বদলে জীবন ও জগতের সৌন্দর্য দেখতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলাই হয়ে ওঠে প্রধান আকাঙ্ক্ষা। সেই ভাবনা থেকেই বার্ষিক ৩০ লাখ রুপির পূর্ণকালীন চাকরি ছেড়ে নিয়মিত ভ্রমণকে জীবনের নতুন রুটিন হিসেবে বেছে নিয়েছেন এক ভারতীয় নারী। প্রযুক্তিবিদ এই নারীর ভ্রমণপ্রেমী হয়ে ওঠার কাহিনি তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে ‘দ্য আনটোল্ড ট্রেইলস’ নামের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, উচ্চ বেতনের চাকরি ছেড়ে বোহেমিয়ান জীবনের পথে পা রাখার সিদ্ধান্তের কথা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভিডিওতে ওই নারী জানান, ছোটবেলা থেকেই তিনি সমাজের প্রচলিত ধারায় জীবন গুছিয়েছেন। স্নাতক শেষ করা, উচ্চ বেতনের চাকরি পাওয়া, বিয়ে, নিজের জন্য ভালো বাড়ি, সবকিছুই সময়মতো সম্পন্ন করেছেন।আরও পড়ুন, ভূমিকম্পপ্রবণ জাপানে ‘মেগা ভূমিকম্পের’ সতর্কতাকিন্তু ভেতরের মন বারবার অন্য কিছুর টান অনুভব করছিল। কয়েক বছর একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে ৯টা-৫টার চাকরি করার পর অবশেষে তিনি সিদ্ধান্ত নেন—চাকরি ছেড়ে ভ্রমণে বেরিয়ে পড়বেন, জীবনকে নতুন করে অনুভব করতে। তার এই সিদ্ধান্ত নেটিজেনদের মধ্যে নানা আলোচনা তৈরি করেছে। অনেকেই একে সাহসী পদক্ষেপ বলে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ আবার আধুনিক পেশাজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ নিয়েও প্রশ্ন তুলেছেন।ভিডিওতে এক দর্শক মন্তব্য করেন, ‘আপনাকে ক্লাবে স্বাগতম। মাঝে মাঝে করপোরেট জীবন মিস করি, কিন্তু সেটি ছেড়ে দেওয়াই আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। আপনি একটি অসাধারণ যাত্রা শুরু করেছেন।’ আরেকজন লিখেছেন, ‘নিজের ইচ্ছার পথে হাঁটুন, প্রকৃতিই সঠিক পথ দেখাবে। তবে দর্শকদের উদ্দেশে ওই নারী স্পষ্ট করে বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, অন্যদের প্ররোচিত করাই তার উদ্দেশ্য নয়। পাশাপাশি আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত না করে চাকরি ছেড়ে ভ্রমণের সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত