প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
কাভার্ড ভ্যানের ধাক্কায় চাঁদপুরে যুবকের মৃত্যু
সংবাদ দিগন্ত ||
চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ আদায়ের পর মাছ কেনার জন্য বাজার যাওয়ার পথে মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) এবং আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।স্থানীয়রা জানায়, সকালে রোমান ও তার সঙ্গীরা চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন এবং পায়ে হেঁটে মাছ কিনতে ভাটিয়ালপুর চৌরাস্তা রওনা দেন। সেখানেই পিছন দিক থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরাম (২৩) আটক করে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, আটক ইমরান ও ইকরাম সহোদর, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা এবং তাদের পিতার নাম আনসার হাওলাদার। তারা কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত